বাস উল্টে প্রাণ গেল ৩ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের মধুপুর এলাকায় আজ বুধবার সকালে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁরা হলেন জেলার বেড়া উপজেলার কাশিনাথপুর বরাট গ্রামের আবু মুছা (৪০) ও সাঁথিয়া উপজেলার বোয়ালিয়া হাটবাড়িয়া গ্রামের আবদুল মমিন (৩৫)।

আহত কয়েকজন জানান, জেলার কাজীরহাট বাসস্ট্যান্ড থেকে পাবনার উদ্দেশ্যে উত্তরা ইউনিক পরিবহনের একটি বাস ছেড়ে আসে। সকাল ১০টার দিকে মধুপুর এলাকায় এলে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি খালে উল্টে পড়ে যায়। এতে বাসে থাকা প্রায় ৩৫ জন যাত্রীর সবাই আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ এসে তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনজন মারা যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী আতাইকুলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল রশিদ জানান, তিনি রাস্তার পাড়ে দাঁড়িয়ে ছিলেন। বাসটি দ্রুতগতিতে আসছিল। চোখের নিমেষে বাসটি খাদে পড়ে যায়। এ সময় বাসের যাত্রীরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার কাজ শুরু করে।

দুপুর ১২টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, আহত ব্যক্তিদের চিৎকারে পুরো হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠেছে। হাত-পা ভাঙাসহ বিভিন্ন ব্যথায় ছটফট করছে সবাই। চিকিৎসক ও নার্সরা তাঁদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসক মেহেদী ইবনে মোস্তফা বলেন, আহত ব্যক্তিদের বেশির ভাগেরই শরীরের বিভিন্ন স্থানে কেটে গেছে। কয়েকজন হাত, পা ও মাথায় আঘাত পেয়েছেন।

পাবনা মাধপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শহিদ হোসেন বলেন, উল্টে যাওয়া বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। কেন চালক নিয়ন্ত্রণ হারালেন, সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে।