বাস ও অটোচালকদের পাল্টাপাল্টি কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ করা নিয়ে মেহেরপুরে বাস ও অটোরিকশা মালিক সমিতির মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ নিয়ে গত বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন উভয় পক্ষের সঙ্গে পৃথক সভা করেছে। তবে গতকাল শুক্রবার পর্যন্ত দুই পক্ষ অনড় অবস্থানে রয়েছে।
বাসমালিকেরা জানান, গত বুধবার মেহেরপুর শহরের কাথুলী মোড়ে অটোরিকশা চলাচলে বাসশ্রমিকেরা বাধা দেন। এ সময় অটোবাইকের চালকেরা বাসশ্রমিকদের ওপর হামলা চালান। এ ঘটনায় বাস মালিক শরিফুল ইসলাম ওই দিনই সদর থানায় মামলা করতে যান। কিন্তু পুলিশ মামলা না নিয়ে তা অভিযোগ হিসেবে গ্রহণ করে। পরদিন বাস মালিক সমিতি তাদের কার্যালয়ে অটোরিকশা চলাচল বন্ধ এবং মামলা গ্রহণ করে আসামিদের গ্রেপ্তারের দাবিতে দুই দফা সভা করে। এরপর পাল্টা কর্মসূচি হিসেবে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত অটোরিকশার মালিক ও চালকেরা শহরে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা মেহেরপুর প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে পথসভা করেন।
পথসভায় অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক ও মেহেরপুর পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন বলেন, যেকোনো মূল্যে সড়কে অটোরিকশা চলবে। বাসমালিকদের বাধায় কোনো অটোরিকশামালিক ক্ষতিগ্রস্ত হলে তাঁরাও সব সড়কে বাস চলাচল বন্ধ করে দেবেন।
মেহেরপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানান, মহাসড়কে তিন চাকার যান চলাচলে সরকার ও হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। গত ১ আগস্ট থেকে মহাসড়কে ওই সব যান চলাচল সারা দেশে নিষিদ্ধ করে সরকার। তারপরও পুলিশের অসহযোগিতার কারণে জেলার সড়কে এসব যান চলছে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ আগস্ট শহরের কাথুলী মোড়ে এসব নিষিদ্ধ যান চলাচল বন্ধ করতে গেলে অটোরিকশার চালকদের হামলায় বাসশ্রমিকেরা আহত হন। এ ঘটনায় করা মামলাটি আমলে না নেওয়ায় অটোরিকশাচালকেরা ইন্ধন পাচ্ছেন। সড়কে এসব নিষিদ্ধ যানবাহন চলাচল দ্রুত বন্ধ না করলে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হবে।
পুলিশ সুপার হামিদুল আলম গতকাল জানান, সরকার ও উচ্চ আদালতের আদেশ পালন করতে পুলিশ উভয় পক্ষকে নিয়ে কয়েক দফা সভা করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। জেলায় অটোরিকশা চলাচলে কিছু সড়ক নির্দিষ্ট করে দেওয়া হবে। সদর থানার ওসি আহসান হাবিব বলেন, পুলিশ দুই পক্ষের মধ্যে সমস্যার স্থায়ী সমাধানের কৌশল খুঁজছে।
অটোরিকশা চালক সমিতির সভাপতি ও জেলা যুবলীগ সভাপতি সাজ্জাদুল আনাম জানান, জেলায় প্রায় আড়াই হাজার অটোরিকশা রয়েছে। প্রায় ১০ হাজার মানুষ এই বাহনের ওপর নির্ভরশীল। তাঁদের জীবিকার পথ বন্ধ হলে জেলায় সামাজিক অশান্তি সৃষ্টি হবে। নিজেদের স্বার্থ ও সড়কে কর্তৃত্ব প্রতিষ্ঠায় বাসমালিকেরা সড়কে অটোরিকশা চালাতে দিচ্ছেন না।