বাস ও ট্রাকের চাপায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসের চাপায় বিধান পাল (৩০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ছাড়া গতকাল বৃহস্পতিবার রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে রাজবাড়ীর চরবাগমারা বিদ্যুৎ কার্যালয়ের সামনে বাসের চাপায় ছালমা আক্তার (২৮) নামের এক নারী এবং বুধবার রাতে একই সড়কে কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড়ে ট্রাকের চাপায় আবদুল আলী (৪৬) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, পোনা এলাকায় পৌঁছার পর ফরিদপুরের আটরশির বিশ্ব জাকের মঞ্জিল থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের সামনের ডান পাশের চাকা ফেটে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক বিধান পাল মারা যান। আহত হন বাসের ১০ জন যাত্রী। তাঁদের কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত বিধানের বাড়ি পুরাতন মুকসুদপুর এলাকায়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা শহর থেকে নজরুল শেখ তাঁর স্ত্রী ছালমা ও দেড় বছরের মেয়ে নীলিমাকে নিয়ে বাইসাইকেলে করে খানগঞ্জে যাচ্ছিলেন। বিকেল চারটার দিকে চরবাগমারা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কাছে পৌঁছলে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাস তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই সালমা মারা যান। গুরুতর আহত অবস্থায় নজরুল শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গান্ধীমারা হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড়ে সড়কের ওপর ট্রাক রেখে চাকা পরিবর্তন করছিলেন যানটির চালক আবদুল আলী। এ সময় অপর একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আবদুল আলী মারা যান। তিনি পাংশা উপজেলার হাজরাপাড়া গ্রামের আকবর আলীর ছেলে।