ঝিনাইদহের কালীগঞ্জের ঈশ্বরবা নামক স্থানে গতকাল সোমবার দুপুরে বাস-ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই নারী নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। নিহত শিরিনা খাতুন (১৯) মহেশপুর উপজেলার হাবাসপুর গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের কালীগঞ্জ, কোটচাঁদপুর ও যশোর মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুপুর ১২টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা নামক স্থানে কালীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক নারী মারা যান। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ, কোটাচাঁদপুর ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাঁদের মধ্যে কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে শিরিনা খাতুন মারা যান। আহত আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।