বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও একজন আহত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে কামারখন্দ উপজেলার কোনাবাড়ী কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মাইক্রোবাসের সঙ্গে উত্তরবঙ্গ থেকে ময়মনসিংহগামী অনিক-আকাশ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই যানটির তিনজন যাত্রী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় এর চালক মনির হোসেনসহ তিনজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে আরও দুজন মারা যায়।

নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন গাইবান্ধার আবদুর রশিদ (৪২), হাফিজুর রহমান (৪০), সীমান্ত (১০) ও নওগাঁর সোহাগ আলী (২২)।

ওসি জানান, পরিচয় পাওয়া তিনজনের লাশ ময়নাতদন্ত শেষে আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।