বাস ও লেগুনার সংঘর্ষে নিহত ১, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় গতকাল মঙ্গলবার যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের জাফরগঞ্জ-সংলগ্ন আলিয়াবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোখলেসুর রহমান (২০) লেগুনার চালক ছিলেন। তিনি দেবীদ্বারের চরবাকর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আহত ব্যক্তিদের মধ্যে উপজেলার এলাহাবাদ গ্রামের কবির আহমেদের স্ত্রী আমেনা বেগমকে (৫৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মহাসড়কের আলিয়াবাদ এলাকায় কুটি থেকে কুমিল্লাগামী সুগন্ধা পরিবহনের একটি বাস ও ময়নামতি থেকে কোম্পানীগঞ্জগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। লেগুনাটি সড়কের পাশের জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক মোখলেসুর রহমান নিহন হন। এ ছাড়া চালকের সহকারীসহ লেগুনার অন্তত ৮ যাত্রী এবং সুগন্ধা পরিবহনের ১২ জন যাত্রী আহত হন। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।