বাস কাউন্টারে জোড়া খুনের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিল ইনার সার্কুলার রোডের টিকিট কাউন্টারে দুই খুনের ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। কী নিয়ে এ খুনের ঘটনা ঘটেছে, সে ব্যাপারেও পুলিশ নিশ্চিত হতে পারেনি। জোড়া খুনের ঘটনায় গত মঙ্গলবার রাতে নিহত ইলিয়াস কাঞ্চনের বড় ভাই সুরুজ্জামান বাদী হয়ে মতিঝিল থানায় হত্যা মামলা করেন। এতে অজ্ঞাত লোকজনকে আসামি করা হয়। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে রাতে ইলিয়াস কাঞ্চনের লাশ তার গ্রামের বাড়ি চাঁদপুরে এবং ব্যবসায়ী আবু সুফিয়ানের লাশ নোয়াখালীর সেনবাগের বাতাকান্দিতে নেওয়া হয়। মতিঝিল থানার অপস কর্মকর্তা মামুন অর রশীদ জানান, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে নিহত আবু সুফিয়ান গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে ব্যবসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। এ থেকে পুলিশ সন্দেহ করছে, পাওনা টাকা নিয়ে বিরোধে সুফিয়ানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। আর হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষী ইলিয়াস কাঞ্চনের সামনে এ ঘটনা ঘটায় তাকেও গলা কেটে হত্যা করা হয়।কর্মকর্তা জানান, ঢাকার একটি ব্যবসাপ্রতিষ্ঠান তাদের পাওনা আদায়ের জন্য কিছুদিন আগে সুফিয়ানকে ধরিতে দিতে সেনবাগের বিভিন্ন স্থানে পোস্টার সাঁটিয়ে দেয়। হত্যাকাণ্ডে ওই প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্ততা আছে কি না, তা যাচাই করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, হত্যার কারণ ও উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। সোমবার গভীর রাতে বেনাপোল ও চট্টগ্রাম থেকে আসা দুটি বাসের তত্ত্বাবধানকারী ও যাত্রীদের সঙ্গে এ ঘটনার বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে। সুফিয়ানের ফুপাতো ভাই জসিমউদ্দিনের উদ্ধৃতি দিয়ে নোয়াখালী অফিস জানায়, সপ্তাহখানেক আগে ঢাকার একটি ঠিকানা ব্যবহার করে যারা তাঁর ভাইকে ধরিয়ে দেওয়ার জন্য প্রচারপত্র বিলি করেছিল, তারা হত্যাকাণ্ডে জড়িত আছে বলে সন্দেহ করা হচ্ছে। তিনি জানান, সুফিয়ান দীর্ঘদিন ধরে ঢাকার সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে ব্যবসা করে আসছিলেন। স্ত্রী-সন্তান নিয়ে তিনি ঢাকায় থাকতেন। কিন্তু কয়েক মাস ধরে তাঁরা চট্টগ্রামের হালিশহরের শাপলা আবাসিক এলাকায় থাকেন। তাঁর মা-বাবা আগেই মারা গেছেন। সোমবার দিবাগত রাতে মতিঝিল থানার ১৬৭ ইনার সার্কুলার রোডের ইডেন কমপ্লেক্সের সৌদিয়া এস আলম এয়ারকনের কাউন্টারের ভেতরে সন্ত্রাসীরা পিয়ন ইলিয়াসকে জবাই এবং ব্যবসায়ী আবু সুফিয়ানকে শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন মঙ্গলবার সকালে পুলিশ কাউন্টারের তালা ভেঙে লাশ উদ্ধার করে।