বাস কাউন্টারে দুর্বৃত্তের হামলা, দুজন গুলিবিদ্ধ
ফরিদপুরে একটি বাস কাউন্টারে গত সোমবার রাতে একদল দুর্বৃত্ত হামলায় চালায়। এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ দুজন গুলিবিদ্ধ হন। এ ছাড়া ধারালো অস্ত্রের আঘাতে আরও দুজন জখম হন। শহরের রাজবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুজন হলেন সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রঘুনন্দনপুর এলাকার মো. কামাল শেখ ও যুবলীগের কর্মী ছোটন বিশ্বাস। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ছোটনকে গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ছাড়া রঘুনন্দনপুর এলাকার লাবলু শেখ ও হরিসভা এলাকার নয়ন শেখকে কুপিয়ে জখম করা হয়। তাঁরা চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই মোড়ে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশালগামী দূরপাল্লার যানবাহনের যাত্রীদের তুলে দেওয়ার জন্য মোট পাঁচটি কাউন্টার রয়েছে। এর মধ্যে ঢাকার ওই কাউন্টারে সোমবার রাত নয়টার দিকে একদল দুর্বৃত্ত হানা দেয়। হামলাকারীরা পিস্তলের গুলি ছুড়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই চারজনকে আহত করে।