বাস-কার সংঘর্ষে ইসলামি সংগীত শিল্পীসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুরে গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ইসলামি সংগীতশিল্পী আইন উদ্দিন আল আজাদ (৫২) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তাঁর ব্যক্তিগত গাড়ির চালক আসলাম শেখও (৪০) নিহত হন। আইন উদ্দিন আল আজাদের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলা সদরের হাজরাতলা মহল্লায়। তাঁর বাবার নাম শমসের আলী। তিনি কলরব নামে একটি সাংস্কৃতিক সংগঠনের প্রধান পরিচালক। গাড়িচালক আসলাম শেখের বাড়ি বাগেরহাট সদরের খড়ইখালী গ্রামে।লালপুর থানা সূত্রে জানা গেছে, আইন উদ্দিন আল আজাদ গতকাল সকালে তাঁর প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-১১-৮৭১০) করে ঢাকা থেকে রাজশাহীতে যাচ্ছিলেন। লালপুরের পালিদেহা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে তাঁর গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁর গাড়িটি বাসের নিচে ঢুকে পড়ে এবং দুমড়েমুচড়ে যায়। স্থানীয় লোকজন ও লালপুর দমকল বাহিনীর সদস্যরা গাড়ির মধ্য থেকে চালক আসলাম শেখের লাশ উদ্ধার করেন। একই সময় আইন উদ্দিন আল আজাদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। লালপুর থানা সূত্রে আরও জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর দুপুর ১২টায় আইন উদ্দিন আল আজাদ মারা যান। লালপুর থানার ওসি তোরিকুল ইসলাম বলেন, বাসটি আটক করা গেলেও চালক ও তাঁর সহকারী পালিয়েছেন। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।