বাস কেড়ে নিল বাবা-মেয়ের প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পশুচিকিৎসক ও তাঁর মেয়ে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী ও ছেলে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পশুচিকিৎসকের নাম ফুল মিঞা (৪২)। তিনি নাটোর সদর উপজেলার রামপুর গ্রামের চান মিঞার ছেলে। নিহত ফুল মিঞার মেয়ে মুর্শিদা (১১) চলতি বছরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়েছে।

নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে শহরতলির রামপুরা থেকে ফুল মিঞা তাঁর মোটরসাইকেলে করে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে শহরের বাইপাস সড়কে বড় মেয়ের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। কান্দিভিটা এলাকায় রাস্তা অতিক্রম করার সময় রাজশাহী থেকে পাবনাগামী একটি বাস তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়ে মুর্শিদার মৃত্যু হয়। আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফুল মিঞার মৃত্যু হয়।

নিহত ফুল মিঞার তিন বছর বয়সী ছেলে তামিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং স্ত্রী ফেরদৌস আরা বেগমকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তামিমের অবস্থা আশঙ্কাজনক বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি আটক করা হয়েছে।