বাস কেড়ে নিল শিশুর প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে গতকাল রোববার বাসের চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বাগেরহাটের সদর ও ফকিরহাট এবং বগুড়ার দুপচাঁচিয়ায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:নীলফামারী: নীলফামারী শহরের কাছে ইটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের সড়কে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দাঁড়িয়ে ছিল ওই বিদ্যালয়েরই শিশু শ্রেণীর ছাত্রী রিপা রানী রায় (৫)। এ সময় ওই সড়ক দিয়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। ঘটনার পর এলাকাবাসী বাসটি আনন্দবাবুর পুল বাসস্ট্যান্ডে আটক করে। এ সময় চালক পালিয়ে যায়। রিপার বাড়ি ইটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে। তার বাবার নাম রামচন্দ্র রায়। বাগেরহাট: বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক সদর উপজেলার আফরা গ্রামের অসীম কুমার ঘোষ (৩৫) এবং আরোহী ফরিদপুরের শিবরামপুরের গণেশ (৩৮) নিহত হন। বাগেরহাট-পিরোজপুর সড়কের ফতেপুর এলাকায় গতকাল পিরোজপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে পিরোজপুরগামী মোটরসাইকেলের চালক জিয়ানগর উপজেলার টগরা গ্রামের ফরিদ হোসেন (৩০) নিহত হন।দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়ার বাজারদীঘি নামক এলাকায় গত শনিবার যাত্রীবাহী বাসের ধাক্কায় কাঞ্চন বর্মণ (৪০) নামের একজন নিহত হয়েছেন। নিহতের বাড়ি দুপচাঁচিয়া উপজেলার পাওগাছা গ্রামে।