বাস খাদে পড়ে ও মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২
যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ১৪ জন যাত্রী। গতকাল সোমবার যশোর-বেনাপোল সড়কে উপজেলার লাউজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।একই দিন বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় খালেক সরদার (৮০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে বেনাপোলগামী এমএম পরিবহনের একটি বাস ঝিকরগাছার লাউজানি এলাকায় পৌঁছে একটি নছিমনকে বাঁচাতে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক বাচ্চু মিয়া (৩৮) মারা যান। আহত ব্যক্তিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গৌরনদী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, গতকাল সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার ভুরঘাটা বাজারের কাছে একটি মোটরসাইকেল আবদুল খালেককে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ মোটরসাইকেলের চালক গৌরনদী উপজেলার পূর্ব গরঙ্গল গ্রামের গিয়াস উদ্দিন প্যাদাকে (২৫) গ্রেপ্তার করেছে।