মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর ছাতিয়ান সড়কে যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুই বাসযাত্রী নিহত ও প্রায় ২৫ জন আহত হন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মেহেরপুর ও গাংনীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে। এ ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মেহেরপুর জেলা বাস শ্রমিক ইউনিয়ন মেহেরপুর-কুষ্টিয়াসহ সব সড়কপথে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করেছে। ফলে মেহেরপুরের সব সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।নিহত ব্যক্তিরা হলেন, মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের রবজেল হোসেন (৪৫) ও কুষ্টিয়ার মীরপুর উপজেলার ওয়াপদাপাড়ার আসলাম উদ্দিন (৩৯)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে জেদ্দা পরিবহনের (জ-১১-০০৪) একটি বাস মেহেরপুরের উদ্দেশে যাচ্ছিল। দ্রুতগতির বাসটি মেহেরপুরের গাংনী ছাতিয়ান সড়কে অপর একটি বাসকে জায়গা দিতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনার পর পরই বাসের চালক পালিয়ে যান। এলাকাবাসী হতাহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। আহত ব্যক্তিরা হলেন, রাজু (২৩), লাইলা (৪৬), আকমল (৩৫), রানা (১৯), তসলিমা (৩৯), আলী আকবর (৪৯), জব্বার (৫৬), ইমতিয়াজ (৩৩) নাজিরুলসহ (২৯) ২৫ জন। আহত ব্যক্তিদের সবার বাড়ি মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী উপজেলায়। মেহেরপুর জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল কুদ্দুস জানান, শ্রমিকদের মারধর ও বাস ভাঙচুর করায় তারা সব সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। এ ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তার ও শাস্তি না হওয়া পর্যন্ত শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করবেন না। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক জানান, ঘটনার পর পরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি। দ্রুতগতিতে চালানোয় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।