বাস খালে পড়ে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের কচুয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে গেছে। সেখান থেকে নারীসহ দু’জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাগেরহাট-পিরোজপুর সড়কের কচুয়া উপজেলার বকুলতলার কাছে পাইকবাড়ি রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন মনিরা বেগম (৩৫)। তাঁর বাড়ি পিরোজপুরের নাছিরাবাদের রাহুদকাঠি গ্রামে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির বলেন, খুলনা থেকে পিরোজপুরগামী বাসটি বকুলতলা কাছে এলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশে খালে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ শুরু করে।

পানির নিচে থাকা বাসের ভেতর থেকে নারীসহ চারজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক নারীসহ দুজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত বাস ও যাত্রীদের উদ্ধারে কাজ চলছে।

বাসে কত জন যাত্রী ছিল পুলিশ তা নিশ্চিত করতে না পারলেও প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটির ছাদেই অন্তত ২০ জন যাত্রী ছিল।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মাসুদুর রহমান সরদার প্রথম আলোকে বলেন, খালটি বেশ গভীর। বাসটিকে এখনো তোলা সম্ভব হয়নি। বাসটি থেকে এখন পর্যন্ত মোট চারজনকে উদ্ধার করা হয়েছে। খুলনা থেকে ডুবুরি দল আসছে।

বাগেরহাট সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মনীষা মণ্ডল বলেন, পানিতে ডুবে যাওয়া চারজনকে হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে নারীসহ দুজনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। অন্য দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।