একই পরিবারের চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরপুরে আজ বুধবার দুপুর ১২টায় যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। ছবি: প্রতিনিধি, সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরপুরে আজ বুধবার দুপুর ১২টায় যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। ছবি: প্রতিনিধি, সুনামগঞ্জ

স্ত্রীর চোখে অস্ত্রোপচারের জন্য ভাড়াগাড়িতে করে সিলেট থেকে সুনামগঞ্জে আসছিলেন আবদুস শহীদ। স্ত্রী ছাড়াও সঙ্গে ছিলেন মেয়ে ও বোন। পথে সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হলে ওই চারজনই নিহত হন। এ ঘটনায় গাড়ির চালকও নিহত হয়েছেন। 

আজ বুধবার দুপুর ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ভাড়া করা ব্যক্তিগত গাড়িটি সিলেট থেকে সুনামগঞ্জ আসছিল। গাড়িতে চালকসহ পাঁচজন ছিলেন। গাড়িটি সদরপুর পৌঁছালে সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন সিলেট সদর উপজেলার পীরপুর (টুকেরবাজার) গ্রামের আবদুস সহিদ (৭০), তাঁর স্ত্রী হাসনাফুল বিবি (৬০), বোন আফজুন নেসা (৫৫), মেয়ে আয়শা বেগম (২৫) এবং গাড়ির চালক সাব্বির আহমদ (২২)। নিহত সাব্বিরের বাড়ি সিলেট সদরের ঘোপাল এলাকায়।

আবদুস সহিদের আরেক মেয়ের জামাই আবদুল কাদির জানান, শাশুড়ি হাসনাফুল বিবির চোখের অস্ত্রোপচারের জন্য সুনামগঞ্জ শহরের ভার্ড চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তাঁরা।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেন, নিহত পাঁচজনের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে।