বাস গেল থানায়, রক্ষা পেল তিন শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর থেকে তিন শিশুকে গতকাল মঙ্গলবার রাজশাহীগামী একটি বাসে তুলে দেন কয়েকজন যুবক। নির্দেশ দেন, তাদের রাজশাহী নগরের শালবাগান এলাকায় নামিয়ে দিতে। কিন্তু বাসের লোকজন সে মোতাবেক কাজ না করে বাস নিয়ে চলে যান রাজশাহীর বোয়ালিয়া থানার সামনে। শিশুদের দেওয়া হয় পুলিশি হেফাজতে। আজ বুধবার বোয়ালিয়া থানা-পুলিশ ওই তিন শিশুকে ফরিদপুরের নগরকান্দা থানা-পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করে। 

এই তিন শিশু হচ্ছে লাবণী (৭), অনন্যা (৫) ও ডালিম (১২)। লাবণী ও অনন্যা চাচাতো বোন। তাদের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার দাদপুরে। দাদপুরেই ডালিমের নানার বাড়ি। ডালিমের পরিবার এই গ্রামেই থাকে।
শিশু ও বাসটির লোকদের সঙ্গে কথা বলার ভিত্তিতে রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, গতকাল দুপুরে তিন শিশুকে জোর করে কয়েকজন যুবক রাজশাহীগামী বিআরটিসি বাসে তুলে দেন। বাসের তত্ত্বাবধায়ক বাচ্চাদের না নিতে চাইলে তাঁকে হুমকি দেওয়া হয়। এই তিন শিশুকে রাজশাহী নগরের শালবাগান এলাকায় নামিয়ে দিতে বলা হয়। তবে যারা শিশুদের বাসে তুলে দিয়েছেন, তাঁদের কেউ বাসে ওঠেননি। হয়তো পরিচয় গোপন করা কিংবা শিশুদের পাচারের উদ্দেশ্য ছিল তাঁদের। শিশুদের নিয়ে বাসের লোকজন থানায় চলে যাওয়ায় খারাপ কিছু হয়নি।
খবর পেয়ে আজ সকালে নগরকান্দা থানার পুলিশ নিয়ে বোয়ালিয়া থানায় যান লাবণী ও অনন্যার বাবা। সঙ্গে ছিলেন শিশু দুটির চাচাতো ভাই নজরুল ইসলাম। তিনি ফরিদপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
নজরুল ইসলাম বলেন, লাবণী ও অনন্যা গতকাল সকালে বাড়ির বাইরে খেলতে যায়। দুপুর পর্যন্ত তারা বাড়িতে ফেরেনি দেখে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও তাদের পাওয়া যায়নি। বেলা দুইটার পর রাজশাহীগামী একটি বিআরটিসি বাসের এক যাত্রী ডালিমের কাছ থেকে মোবাইল ফোন নম্বর নিয়ে তার পরিবারের কাছে ফোন করেন। ডালিমের পরিবার তখন বিষয়টি লাবণী ও অনন্যার পরিবারকে জানায়। তিনি ওই যাত্রীর মাধ্যমে বাসের তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলেন। তাঁদের অনুরোধ করেন, শিশু তিনটিকে যেন তাঁদের হেফাজতে রাখেন। রাত ১০টার দিকে বাসটি বোয়ালিয়া থানায় গিয়ে লাবণী, অনন্যা ও ডালিমকে পুলিশের জিম্মায় দেন।
বোয়ালিয়া থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) শিউলি বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে শিশু তিনটিকে নগরকান্দা থানার পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। নগরকান্দা থানায় গিয়ে পুলিশ পরিবারের কাছে শিশুদের বুঝিয়ে দেবে।