রংপুরের পীরগাছায় গত বৃহস্পতিবার মোটরশ্রমিক ও ছাত্রদের মধ্যে সংঘর্ষের পর থেকে পীরগাছা-রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সৈয়দপুর বাজার থেকে সৈয়দপুর কেরামতিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক রুহুল আমীনসহ পীরগাছা কলেজের কয়েকজন ছাত্র পীরগাছাগামী একটি বাসে ওঠেন। বাসটি সোনালী ব্যাংক মোড়ে পৌঁছালে ওই শিক্ষক ও ছাত্ররা বাস থেকে নামার চেষ্টা করেন। এ সময় বাসচালকের সহকারী আলমগীর হোসেন ওই শিক্ষককে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন। এ ঘটনায় ছাত্ররা প্রতিবাদ করলে চালকের সহকারী বাসের দরজা বন্ধ করে দেন। চালক বাসটি দ্রুত চালিয়ে পীরগাছা বাসস্ট্যান্ডে নিয়ে যান। সেখানে মোটরশ্রমিকেরা বেদম মারধর করে তাঁদের আটকে রাখেন। খবর পেয়ে পীরগাছা কলেজের ছাত্ররা সেখানে গেলে মোটরশ্রমিকেরা তাঁদের ওপরও হামলা চালান। এ ঘটনার জের ধরে মোটরশ্রমিক ও ছাত্র-জনতার মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হন। এ ঘটনার পর থেকে ওই আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় দ্বন্দ্ব নিরসন না হওয়া পর্যন্ত মোটরশ্রমিকদের বাস চলাচল বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল গতকাল শুক্রবার দুপুরে জানান, এ ব্যাপারে কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।