কুড়িগ্রাম ও সিরাজগঞ্জের বাসমালিকদের মধ্যে দ্বন্দ্বের কারণে গত বৃহস্পতিবার রাত থেকে কুড়িগ্রামে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
কুড়িগ্রাম মোটরমালিক গ্রুপের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী জানান, সিরাজগঞ্জ বাসমালিক কর্তৃপক্ষ তাদের কয়েকটি বাস জোরপূর্বক ঢাকা থেকে কুড়িগ্রামে চলাচল শুরু করে। এতে কুড়িগ্রামের বাসমালিকেরা বাধা দেন। এরই জের ধরে সিরাজগঞ্জ মালিকদের প্রত্যক্ষ মদদে বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া ফাহমিদা নামের একটি নৈশকোচ সিরাজগঞ্জের চান্দাইকোনা এলাকায় ভাঙচুর করা হয়৷ এ ঘটনায় কুড়িগ্রাম বাসমালিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই জের ধরে জেলা বাসমালিক গ্রুপ জরুরি সভা করে কুড়িগ্রাম থেকে ঢাকা, চট্রগ্রাম ও সিলেটগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়। দূরপাল্লার বাস চলাচল বন্ধের কারণে যাত্রীসাধারণ চরম দুর্ভোগে পড়ে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম