বাস চলাচল বন্ধ, পথে পথে পুলিশ
চারদলীয় জোটের মহাসমাবেশকে কেন্দ্র করে গতকাল রোববার নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ থেকে রাজধানী ঢাকার সঙ্গে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ ও পরিবহনের মালিকেরা। নারায়ণগঞ্জে লঞ্চ চলাচলও বন্ধ ছিল।অল্প কিছু বাসসহ অন্যান্য যানবাহন চললেও পথে পথে তল্লাশি করেছে পুলিশ। যানবাহনে ত্রুটির কথা বলে পুলিশ অনেক স্থানে যাত্রীদের নামিয়ে দেয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:নারায়ণগঞ্জ: গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ঘুরে দেখা গেছে, ঢাকাগামী নিয়মিত যাত্রীবাহী বাস একেবারে নেই। বাসের জন্য দাঁড়িয়ে ছিল শত শত যাত্রী। মাঝেমধ্যে দু-একটি বাস এলেও তাতে উঠতে যাত্রীরা করেছে দৌড়ঝাঁপ, ধাক্কাধাক্কি।ঢাকা-দাউদকান্দি পথের জুলি পরিবহনের বাসের চালক আবদুল বারেক বলেন, ঢাকায় আসার পথে সড়কের বিভিন্ন স্থানে পুলিশ তাঁদের বাস থামিয়ে তল্লাশি করেছে। সোনারগাঁ পরিবহনের বাসের চালক আবুল খায়ের বলেন, ‘বাস না চালাতে ক্ষমতাসীন দলের লোকেরা ভয়ভীতি দেখাচ্ছে। বিএনপির মহাসমাবেশে যাওয়া নেতা-কর্মীরা বাসে উঠলে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হবে বলেও হুমকি দিয়েছে। এ কারণে আমরা বাস নিয়ে ঢাকায় যাইনি।’নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসমালিক প্রথম আলোকে বলেন, বাসে তল্লাশির নামে পুলিশ অহেতুক মামলা করছে। এ কারণে তাঁরা বাসের সংখ্যা কমিয়ে দিয়েছেন। এ ছাড়া মহাসমাবেশ পর্যন্ত বাস কম চালাতে প্রশাসন থেকে চাপ রয়েছে।এ ব্যাপারে পুলিশ সুপার শেখ নাজমুল আলম বলেন, পুলিশের তল্লাশির কারণে বাস বন্ধ রাখার কোনো কারণ নেই। রুটিন অনুযায়ী পুলিশ তার কাজ করছে।মুন্সিগঞ্জ: ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়া ঘাট, মাওয়া চৌরাস্তা, শ্রীনগরের হাসাড়া ও সিরাজদিখানের নীমতলী এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার ভবেরচরসহ জেলার বেশ কয়েকটি স্থানে বসানো হয় তল্লাশি চৌকি। বাস পাওয়া না গেলেও ছোট ছোট যানবাহন যেমন—সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করেছে পুলিশ।জেলার দীঘিরপাড় বাস কোম্পানির চেয়ারম্যান জগলুল হালদার প্রথম আলোকে বলেন, ‘আমাদের ১০টি বাস ঢাকা থেকে রিকুইজিশন করেছে পুলিশ। অন্য কোম্পানির বাসও রিকুইজিশন করেছে। এ ছাড়া ঢাকায় যেতে পথে পথে তল্লাশি করেছে পুলিশ। তাই বাস চলাচল বন্ধ করে দিয়েছি।’এ ব্যাপারে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে যেসব স্থানে পুলিশের অবস্থান নেওয়া দরকার, সেখানে সংশ্লিষ্ট থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তাব্যবস্থা আগামীকাল (আজ সোমবার) আরও বেশি থাকবে। তবে আমরা বেশি বাস রিকুইজিশন করিনি।’মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল কোনো যাত্রীবাহী বাস ও দূরপাল্লার কোচ চলাচল করেনি। সকালের দিকে দূরপাল্লার দু-একটি যাত্রীবাহী কোচ চললেও বেলা ১১টার পর থেকে তা আর চোখে পড়েনি। বেশি দুর্ভোগে পড়ে ঢাকাগামী ও ঢাকা থেকে মানিকগঞ্জগামী সাধারণ যাত্রীরা। তারা পিকআপে করে ভেঙে ভেঙে এবং সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে পথ পাড়ি দেয়।এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়কের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চৌকি বসানো হয়। ব্যক্তিগত গাড়িগুলোতে তল্লাশি চালায় পুলিশ।সাভার: ভোর থেকে ঢাকা-আরিচা ও আশুলিয়ার বাইপাইল হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস চলাচল প্রায় বন্ধ থাকে। রাজধানী থেকে দূরপাল্লার কোনো বাস দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের উদ্দেশে ছেড়ে যায়নি। ওই সব অঞ্চল থেকেও অল্পসংখ্যক বাস রাজধানীতে ঢুকেছে। স্থানীয় কিছু যাত্রী পরিবহন করলেও বাসগুলো রাজধানীর অদূরেই কাদের নামিয়ে দিয়ে আবার ফিরে গেছে।পুলিশের একাধিক সূত্র জানায়, গতকাল দুপুরের দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড, আমিনবাজার ও আশুলিয়ার বাইপাইল এলাকায় চৌকি বসিয়ে বিভিন্ন বাসে তল্লাশি চালানো হয়। কাগজপত্রে ত্রুটির অজুহাতে অনেক বাস থেকে যাত্রীদের নামিয়ে বাস আটকে রাখা হয়।ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাভার অংশের বিভিন্ন বাসস্ট্যান্ড ঘুরে যাত্রীদের উপচে পড়া ভিড় চোখে পড়ে। এসব যাত্রীর অধিকাংশই ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করে ট্রাক বা বিকল্প যানবাহনে করে নিজ নিজ গন্তব্যে যেতে বাধ্য হয়।