বাস চলাচল বন্ধ
সন্ত্রাসীদের অব্যাহত চাঁদাবাজির মুখে ঢাকা থেকে সোনারগাঁ উপজেলার বারদী রোডে চলাচলরত মা-বাবা ট্রান্সপোর্টের বাস চলাচল গতকাল সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন বাসের মালিকেরা। জানা গেছে, ঢাকা থেকে সোনারগাঁ উপজেলার বারদী রোডে দীর্ঘদিন ধরে মা-বাবা ট্রান্সপোর্ট লিমিটেড নামের যাত্রীবাহী বাস চলাচল করে আসছে। ঢাকা-বারদী রোডের মদনপুর, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ—এ তিনটি পয়েন্টে সন্ত্রাসীরা অব্যাহতভাবে চাঁদাবাজি করে আসছিল। মা-বাবা ট্রান্সপোর্ট লিমিটেড বাস সার্ভিসের মালিক রুহুল আমিন জানান, চাঁদার পরিমাণ বৃদ্ধির দাবিতে গত কয়েক দিনে সন্ত্রাসীরা আমাদের বাসের দুটি টিকিট কাউন্টারে হামলা চালায়। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও এ ব্যাপারে কোনো ফল পাওয়া যায়নি। তাই গতকাল সকালে মালিক-শ্রমিকেরা বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন।এদিকে গতকাল সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় এ রোডে চলাচলরত হাজার হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী বলেন, এ ব্যাপারে থানায় ওই পরিবহনের মালিক-শ্রমিকেরা কেউ অভিযোগ করেননি। অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।