বাস চলাচল বন্ধ
গাজীপুরের অভ্যন্তরীণ রুটে গতকাল মঙ্গলবারও বাস চলাচল করেনি। জেলা শহর থেকে বিভিন্ন উপজেলায় যাতায়াতের সড়কগুলোর বেহাল দশার কারণে মালিক-শ্রমিকেরা এ সিদ্ধান্ত নিয়েছেন। গত সোমবার অল্প কিছু মিনিবাস চলাচল করতে দেখা গেলেও গতকাল সেসব সড়কে নামেনি। গতকাল সকাল থেকেই তুমুল বৃষ্টিপাত হওয়ায় সড়কে পানি জমে যায়। এ অবস্থায় পরিবহন শ্রমিকেরা বাসস্ট্যান্ড থেকে আর গাড়ি বের করেনি। গতকাল যানবাহনের অভাবে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে লোকজন ট্রাক, হিউম্যান হলার, টেম্পো, লেগুনা, অটোরিকশায় গাদাগাদি করে যাতায়াত করছে। এ ছাড়া দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। গতকাল দিনভর বৃষ্টি হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেরামতকাজ বিঘ্নিত হয়। সড়কের চান্দনা চৌরাস্তার উত্তর পার্শ্বের দীঘিরচালা, ভাওয়াল জাতীয় উদ্যান, রাজেন্দ্রপুর চৌরাস্তা এবং দক্ষিণ পার্শ্বে ভোগড়া বাইপাস, বাসন সড়ক, মালেকের বাড়ি, সাইনবোর্ড এলাকায় পানি জমে যায়। ট্রাক, লরি, পিকআপ ভ্যান ছাড়া অন্য গাড়ি চলাচল করতে পারেনি।