বাস চলাচল বন্ধ, দুর্ভোগ
সিরাজগঞ্জ ও শাহজাদপুর বাসমালিক সমিতির মধ্যে দ্বন্দ্বের জের ধরে শাহজাদপুর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে উল্লাপাড়ার একটি বাসের শ্রমিকদের পাবনার বেড়ায় মারধর করায় গত শুক্রবার রাত থেকে বাস চলাচল বন্ধ করা হয়। এতে পাবনা-শাহজাদপুর-উল্লাপাড়া-ঢাকাসহ অভ্যন্তরীণ সব রুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সিরাজগঞ্জ ও পাবনা জেলার বাসমালিক ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, ১০ দিন আগে শাহজাদপুরের একটি পরিবহনের বাস রাজশাহী রুটে চলাচলের সময় নিয়ে শাহজাদপুর ও সিরাজগঞ্জ বাসমালিকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এ ঘটনায় দুই পক্ষই বাস চলাচলে বাধা দিলে শাহজাদপুর থেকে ঢাকাসহ রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, সিরাজগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে দুই পক্ষ আলোচনায় বসলেও তা ভেস্তে যায়। যে কারণে শাহজাদপুর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
সিরাজগঞ্জ জেলা মোটর মালিক সমিতির শাহজাদপুরের সড়ক সম্পাদক ফজলুল হক বলেন, ‘আমাদের রাজশাহীগামী একটি গাড়ির চেইন জোরপূর্বক জেলার মালিক সমিতির নেতারা বন্ধ করে দিয়েছেন। বিষয়টি নিয়ে তাঁদের ডাকে সাড়া দিয়ে আমরা গেলেও তাঁরা মীমাংসায় আসেননি। ১০ দিন ধরে আমাদের ঢাকাসহ বিভিন্ন রুটে ৭০টি বাস চলাচল বন্ধ থাকায় শ্রমিকেরা বেকার হয়ে পড়েছেন।’
সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান বলেন, রাজশাহী রুটে চলমান গাড়ির মধ্যে একই সময়ে নতুন একটি বাস শাহজাদপুর মালিক সমিতির লোকজন ঢুকিয়েছেন। সময় পরিবর্তন করে দেওয়ার কথা বললেও তাঁরা তা করেননি। এ কারণে বাস চলাচল বন্ধ রয়েছে।
এদিকে গত শুক্রবার উল্লাপাড়া থেকে একটি বাস পাবনা যাওয়ার পথে বেড়া বাসস্ট্যান্ডে দেরি করে যাওয়ার অভিযোগে স্থানীয় শ্রমিকেরা ওই বাসের শ্রমিক লিটন মিয়া, সাইফুল ইসলাম ও মজিবর রহমানকে মারধর করেন। এ ঘটনার পর শুক্রবার রাতে উল্লাপাড়ার বাসমালিক ও শ্রমিক সমিতির নেতারা যৌথভাবে আলোচনা করে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন। এরপর থেকে পাবনা-সিরাজগঞ্জ-উল্লাপাড়া-ঢাকা রুটে সব বাস চলাচল বন্ধ হয়ে যায়।
উল্লাপাড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম বলেন, ‘বেড়ার শ্রমিকেরা প্রতিনিয়ত আমাদের বাসের শ্রমিকদের তুচ্ছ কারণেই মারধর করেন। যে কারণে বাস চলাচল বন্ধ করা হয়েছে।’
পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ হোসেন বলেন, ‘আমরা আলোচনায় বসার জন্য একাধিকবার বললেও তাঁরা কর্ণপাত করছেন না। ফেডারেশনের নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।’
সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দীন আহমেদ বলেন, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকেও দুই পক্ষকে আলোচনায় বসার জন্য সহযোগিতা করা হচ্ছে।