বাস চলাচল বন্ধ রেখে পরিবহনশ্রমিকদের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বঘোষণা ছাড়াই যশোর-নড়াইল সড়কে বাস চলাচল বন্ধ রেখে বৈঠক করছেন পরিবহনশ্রমিকেরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শহরের মনিহার চত্বরের শ্রমিক ভবনে ওই বৈঠক চলছে।

আজ শনিবার ভোর থেকে ওই সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। বেলা একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল।

এ ব্যাপারে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম দুপুর ১২টার দিকে প্রথম আলোকে বলেন, ‘যশোর-নড়াইল সড়কের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য একটি “লাইন কমিটি” গঠনের লক্ষ্যে সাধারণ শ্রমিকেরা বৈঠক করছেন। আমি ওই বৈঠকে উপস্থিত রয়েছি। কিছুক্ষণের মধ্যে পরিবহন চলাচল স্বাভাবিক হবে।’

সমবায়ী ব্যাংক কর্মকর্তা আবু সাঈদ জানান, সকাল আটটার দিকে কর্মস্থলে যাওয়ার সময় তিনি যশোর-নড়াইল সড়কে কোনো গাড়ি পাননি। পরে তিনি একটি মাইক্রোবাসে ওঠার চেষ্টা করেন। এ সময় পরিবহন শ্রমিকেরা তাঁকে নামিয়ে দেন বলে তিনি অভিযোগ করেন।

বাঘারপাড়া উপজেলার মহিরন সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক তাসলিমা নাসরিন জানান, তিনি প্রতিদিন যশোর-নড়াইল সড়ক দিয়ে স্কুলে যান। কোনো পূর্বঘোষণা ছাড়াই আজ গাড়ি বন্ধ রাখায় দুর্ভোগে পড়েছেন। শ্রমিকেরা ‘খামখেয়ালির কর্মবিরতি’ পালন করছে বলে তিনি অভিযোগ করেন।