বাস চলাচল শুরু, মাওয়ায় চাঁদা তোলা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিনের পরিবহন ধর্মঘটের পর গতকাল মঙ্গলবার সকাল থেকে ঢাকা-মাওয়া মহাসড়কে বাস চলাচল শুরু হয়েছে। মাওয়া ঘাটে শ্রমিক কল্যাণ তহবিলের নামে চাঁদা আদায় বন্ধে ব্যবস্থা ও মামলা নেওয়ায় গত সোমবার সকালে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট রাতেই প্রত্যাহার করা হয়।পরিবহন শ্রমিক সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে শ্রমিক কল্যাণ তহবিলের নামে পরিবহনপ্রতি ৩০ টাকা চাঁদা ধার্য করে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। একই তহবিলের নামে একই পরিমাণ টাকা ঢাকায় আদায় করছে বাংলাদেশ সড়ক পরিবহন ঢাকা শ্রমিক ইউনিয়ন।মাওয়া ঘাটে চাঁদা আদায় নিয়ে দ্বন্দ্বের জের ধরে ঢাকা শ্রমিক ইউনিয়ন সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করে।ঢাকা শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, মুন্সিগঞ্জ জেলা শ্রমিক পরিবহনের নেতা-কর্মীরা চাঁদা আদায়ের নামে ৪ জানুয়ারি মাওয়া ঘাটে তাঁদের কাউন্টার ভাঙচুর করেন। তাঁরা এ ব্যাপারে থানায় মামলা দিতে গেলে পুলিশ নেয়নি। তাই পুলিশ প্রশাসনকে রোববারের মধ্যে মামলা নিতে বলেন। এর মধ্যে মামলা না নিলে ধর্মঘটের হুমকি দেন। মামলা না নেওয়ায় সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট আহ্বান করেন তাঁরা।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা-মাওয়া মহাসড়কে দক্ষিণাঞ্চলগামী ২১টি জেলার কমপক্ষে অর্ধশত পরিবহন কোম্পানির প্রায় এক হাজার বাস চলাচল করে। সোমবারের ধর্মঘটের কারণে সব পরিবহনের বাস চলাচল বন্ধ ছিল। একই সঙ্গে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কেও বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।সাধারণ যাত্রীরা বলেন, পরিবহনের মালিক ও শ্রমিকদের চাঁদাবাজির কারণে কথায় কথায় হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়া অন্যায়। এর আগে একই কারণে পরিবহনের নেতারা কয়েকবার বাস চলাচল বন্ধ করে দিয়েছিলেন। এ কারণে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। চাঁদার ব্যাপারে সরকার থেকে একটি সুষ্ঠু নীতিমালা করে দেওয়া উচিত।ঢাকা শ্রমিক ইউনিয়নের সভাপতি বকুল খান বলেন, ‘মুন্সিগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাংসদ ও হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলির সঙ্গে তাঁর ঢাকার বাসভবনে আমাদের বৈঠক হয়েছে। তিনি মাওয়া ঘাটে শ্রমিক কল্যাণ তহবিলের নামে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে আমাদের করা মামলাও পুলিশকে নিতে বলবেন বলে জানিয়েছেন। এ কারণে আমরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।’ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে বকুল খান সোমবার রাতেই বাদী হয়ে মুন্সিগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাতজনকে আসামি করে লৌহজং থানায় মামলা করেন।জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য ও লৌহজং উপজেলা শ্রমিক পরিবহনের সভাপতি সালাউদ্দিন টিটু তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে ঢাকায় সমঝোতা হওয়ায় গতকাল সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। মাওয়া ঘাটে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের চাঁদা আদায়ের কাউন্টার উচ্ছেদ করে চাঁদাবাজি বন্ধ করে দেওয়া হয়েছে।