বাস চলাচল শুরু হলেও সঙ্গী ভয় আর আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল। সকাল সাড়ে আটটার দৃশ্য। বাসভর্তি ঢাকাগামী অসংখ্য যাত্রী। কিন্তু ভয় আর আতঙ্কে চালকেরা গাড়ি ছাড়ছেন না। দেড় ঘণ্টা পর টার্মিনাল এলাকার সড়কে মানুষ আর যানবাহন চলাচল শুরু হলে সীমিত পরিসরে দূরপাল্লার গাড়িগুলোও চলতে শুরু করে। এর পর থেকে মূলত বাস চলাচলও অনেকটা স্বাভাবিক হয়ে পড়ে।
সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে নয়টা থেকে নিয়মিত বিরতিতে মিতালী, সাদ্দাম, মামুনসহ কয়েকটি এক্সপ্রেসের বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। কয়েকটি গাড়ি যাত্রী বোঝাই হওয়ার পর পুলিশ পাহারা দিয়ে বাসগুলোকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার চণ্ডীপুল এলাকা পর্যন্ত পৌঁছে দিতে সহায়তা করেছে। সড়কের পরবর্তী অংশে সংশ্লিষ্ট থানার টহলরত পুলিশ বাসগুলো পাহারা দিচ্ছে।
ঢাকাগামী একটি বাসের চালক জুনেদ মিয়া বেলা ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ‘যাত্রী প্রচুর থাকলেও ভয়ে চালকেরা সকালে টার্মিনাল ছেড়ে যেতে চাননি। কয়েকজন চালক সাহস করে গাড়ি নিয়ে রওনা হওয়ার পর আতঙ্ক অনেকটাই কেটে গেছে। যা হবার হবে, আল্লাহ ভরসা!’
কয়েকজন যাত্রী জানান, গতকাল বেলা তিনটা পর্যন্ত প্রতিষ্ঠিত কোম্পানির কোনো গাড়ি যাত্রী পরিবহন করেনি। অন্যান্য সময় যেসব বাস ‘লোকাল ট্রিপ’-এর কাজে ব্যবহৃত হতো, সেসব গাড়িই মূলত ঢাকার উদ্দেশে টার্মিনাল ত্যাগ করছে।
বেলা দেড়টার দিকে পুলিশি পাহারায় ইজতেমাগামী কয়েকটি বাস টার্মিনাল ছেড়ে যায়। তবে অন্যান্য দিনের মতো দূরপাল্লার গাড়ি অপ্রতুল হওয়ায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। ইজতেমায় যোগ দিতে যাওয়া আনিছুর রহমান নামের পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি বলেন, ‘যাত্রী বেশি, গাড়ি কম। তাই কয়েকজন মিলে একটি ট্রাক ভাড়া করে ইজতেমায় যোগ দিতে রওয়া হলাম।’
ঢাকায় যাওয়ার উদ্দেশে সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে বাসিত আলিম নামের এক যাত্রী মঙ্গলবার সিলেটে আসেন। কিন্তু অবরোধের কারণে ওই দিন ঢাকাগামী কোনো বাস না চলায় তিনি যেতে পারেননি। গতকাল সকালে তিনি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করেন। বাসিত আলিম বলেন, ‘ঢাকায় যাওয়া খুব জরুরি। মনে ডর আছে, কুন সময় জানি কিতা অর (হয়)! কিন্তু যাওয়া তো লাগবই।’
নগরের অন্য বাস টার্মিনালগুলোতেও ঘুরে একই চিত্র পাওয়া গেছে। কুমারগাঁও, সোবহানীঘাট, আম্বরখানা এলাকার বাসস্ট্যান্ড থেকে সকালের দিকে দূরপাল্লার কোনো গাড়ি চলাচল করেনি। সকাল সাড়ে ১০টার পর থেকে এসব স্ট্যান্ড থেকে সীমিত পরিসরে গাড়ি চলাচল শুরু করে। একাধিক চালক জানান, চোরাগোপ্তা হামলার ভয়ে চালকেরা গাড়ি চালাতে সাহস পাচ্ছেন না।
মহানগর পুলিশ সিলেটের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ বলেন, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে দূরপাল্লার বাসগুলোকে চলাচলের ক্ষেত্রে পুলিশ সার্বক্ষণিক টহল ও পাহারা বসিয়ে সহায়তা দিচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল পুলিশি পাহারায় অসংখ্য বাস চলাচল করেছে। বাস চলাচলে কোথাও কোনো সমস্যা হয়নি।