১৩ দিন পর গতকাল রোববার বিকেল থেকে বগুড়া-নগরবাড়ী পথে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল পাবনা ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের মধ্যস্থতায় সিরাজগঞ্জ, শাহজাদপুর, উল্লাপাড়া ও নগরবাড়ীর পরিবহন নেতারা শাহজাদপুরে বৈঠক করে এ রুটে আবার বাস চলাচল শুরুর সিদ্ধান্ত নেন।
মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সূত্রে জানা যায়, দুই জেলা প্রশাসনের মধ্যস্থতায় সিরাজগঞ্জ, শাহজাদপুর, উল্লাপাড়া ও নগরবাড়ীর পরিবহন নেতারা গতকাল দুপুর শাহজাদপুর উপজেলা পরিষদের সভাকক্ষে বৈঠকে বসেন। এ সময় সেখানে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাক আহমেদ, শাহজাদপুরের ইউএনও শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রায় সাড়ে তিন ঘণ্টার বৈঠকে গতকাল বিকেল থেকে সব ধরনের বাস চালুর সিদ্ধান্ত হয়। আজ সোমবার ভোর থেকে বাস চলাচল পুরো স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।
পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাক আহমেদ বলেন, ‘আলোচনার পরিপ্রেক্ষিতে সবাই বাস চালু করতে সম্মত হয়েছেন। ভবিষ্যতে আর কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারেও আলোচনা হয়েছে।’
২ আগস্ট থেকে বগুড়া-নগরবাড়ী পথে বন্ধ হয়ে যায় বাস চলাচল। গত শনিবার এ নিয়ে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।