যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মানিকগঞ্জের উথলী ডিপোর জন্য বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) ৪০টি দোতলা বাস বরাদ্দ দেওয়া হয় ২০১৩ সালে। একই বছর একতলা আরও আটটি বাস ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া পথে যাত্রী পরিবহনের জন্য বরাদ্দ দেওয়া হয়। তবে এসব বাস চলাচল করছে অন্য সড়ক-মহাসড়কে। এতে যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছে জেলাবাসী।
মানিকগঞ্জ-ঢাকা পথের একাধিক যাত্রী বলেন, ঢাকা থেকে মানিকগঞ্জের দূরত্ব ৬৫ কিলোমিটার। রাজধানীর খুব কাছের জেলা হলেও এখানে যাত্রী পরিবহনব্যবস্থা নাজুক। মানিকগঞ্জ-ঢাকা পথে তিনটি পরিবহন প্রতিষ্ঠানের বাস চলাচল করলেও সেগুলোর যাত্রীসেবা মানসম্মত নয়। এ ছাড়া বর্তমানে ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কে বিভিন্ন ডিপোর বিআরটিসির ৩০টি বাস চলাচল করলেও সেগুলোর বেশির ভাগই বেশ পুরোনো। তাঁরা ঢাকা-মানিকগঞ্জ পথে বিআরটিসির বাস সার্ভিস চালু করার দাবি জানান।
বিআরটিসির উথলী ডিপো সূত্রে জানা গেছে, এই ডিপোর জন্য বরাদ্দ বিআরটিসির কোনো বাস বর্তমানে ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া পথে চলাচল করছে না। ২০১৩ সালে ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কের জন্য ৪০টি নতুন দোতলা বাস বরাদ্দ দেওয়া হয়। পরীক্ষামূলকভাবে কিছুদিন মহাসড়কে কয়েকটি বাস চলাচল করে। ওই বছরের ৪ মে এর উদ্বোধন করার কথা থাকলেও তা আর হয়নি।
এসব বাসের মধ্যে ৩১টি ঢাকার সাভার থেকে মতিঝিল এবং দুটি ঢাকা-বরিশাল পথে চলাচল করছে। ২০১৪ সালে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধের সময় দুটি বাসে আগুন দেওয়া হয়। বাকি পাঁচটি বাস মেরামত করতে হবে। এ ছাড়া ঢাকা-পাটুরিয়া পথের জন্য বরাদ্দ একতলা আটটি বাস ঢাকা-ময়মনসিংহসহ বিভিন্ন সড়কে চলাচল করছে।
২০১৩ সালের ৮ জুন তৎকালীন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ছয়টি সেতু উদ্বোধন করতে আসেন। ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কে এসব দোতলা বাস নামানোর সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়া প্রসঙ্গে সে সময় তিনি প্রথম আলোকে বলেছিলেন, পরিবহন মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ওই বাস চালু করা সম্ভব হয়নি। আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
মানিকগঞ্জ খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের শিক্ষক সাইফুদ্দিন আহমেদ বলেন, ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া পথে চলাচলকারী বিআরটিসির বাসগুলোর ন্যূনতম যাত্রীসেবা নেই। প্রতিদিনই ফিটনেসবিহীন এসব বাসের দুই-তিনটি রাস্তায় বিকল হয়ে পড়ে।
উথলী ডিপোর ব্যবস্থাপক মো. লতিফুর রহমান গতকাল রোববার বলেন, সম্প্রতি তিনি এই ডিপোতে যোগদান করেছেন। স্থানীয় বাসমালিকদের দ্বন্দ্বের কারণে সৃষ্ট জটিলতায় এই ডিপোর জন্য বরাদ্দ বিআরটিসির বাসগুলো অন্য সড়কে চলাচল করছে বলে তিনি জানতে পেরেছেন। তিনি বলেন, ভারত থেকে বিআরটিসির বাস কেনার প্রক্রিয়া চলছে। আগামী তিন-চার মাসের মধ্যে ঢাকা-আরিচা, ঢাকা-পাটুরিয়া পথে পাঁচ থেকে সাতটি নতুন বাস নামানোর পরিকল্পনা রয়েছে।