বাস চাপায় ও ছুরিকাঘাতে দুজন নিহত
নরসিংদীতে বাস চাপায় আল মামুন (৩০) নামের পুলিশের এক সদস্য ও ছুরিকাঘাতে রুবেল মিয়া (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের সাটিরপাড়া এলাকায় রুবেল ও সোয়া আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারারচর এলাকায় আল মামুন নিহত হন।
রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার হোনারবালা ছলিমগঞ্জ এলাকার আলম মিয়ার ছেলে। আল মামুন নরসিংদীর রায়পুরা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রুবেল শহরের দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সন্ধ্যায় শহরের সাটিরপাড়ায় তাঁর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। তাঁর দেহে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। লোকজন পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে কারা, কেন তাঁকে হত্যা করেছে, এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি পুলিশ।
অপরদিকে আজ রাতে রায়পুরা থেকে আল মামুন নরসিংদীতে পুলিশ সুপারের কার্যালয়ে দাপ্তরিক কাজে মোটরসাইকেলে করে আসছিলেন। মোটরসাইকেলটি শিবপুরের কারারচর এলাকায় মদিনা পাটকলের সামনে যাওয়ামাত্র বিআরটিসি পরিবহনের যাত্রীবাহী একটি বাস পেছন দিক থেকে চাপা দেয়। এতে আল মামুন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় স্থানীয় লোকজন বিআরটিসি বাসটি আটক করেছে।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) এ কে এম জহিরুল ইসলাম বলেন, মামুন দাপ্তরিক কাজে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন তিনি। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।