বাস চাপায় কিশোর নিহত, সড়ক অবরোধ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আজ মঙ্গলবার দুপুরে বাস চাপায় এক কিশোর নিহত হয়েছে। এর প্রতিবাদে স্থানীয় লোকজন ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ ও দোকান ভাঙচুর করে।
নিহত কিশোরের নাম আশিক মিয়া (১৫)। তার বাড়ি উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে। তার বাবার নাম রাশিদ মিয়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে গৌরীপুর থেকে ময়মনসিংহগামী একটি বাস উপজেলার কলতাপাড়া বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় আশিককে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিছুক্ষণের মধ্যে বিক্ষুব্ধ এলাকাবাসী ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। তারা সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে। এর ফলে সড়কের দুই পাশে শতাধিক যান আটকে পড়ে। এতে ঈদে ঘরমুখো মানুষ প্রচণ্ড দুর্ভোগে পড়ে। পরে বেলা দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী এ সময় ওই বাসের চালককে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগে কয়েকটি দোকানও ভাঙচুর করে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে।