বাসচাপায় দুই পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলা এবং সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। আজ রোববার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আবদুর রফিক (৫০) ও মো. ইলিয়াস (২৪)। তাঁদের মধ্যে আবদুর রফিকের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বসন্তের বাগ (বাংলাবাজার) গ্রামে। ইলিয়াসের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা থানার দড়িজয়পুর এলাকায়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানের ভাষ্য, ভোর পৌনে পাঁচটার দিকে শ্রীপুরের নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস পথচারী রফিককে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। লাশ মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে।

এদিকে নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, সকাল সাতটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস মো. ইলিয়াস (২৪) নামের স্থানীয় এক পোশাক কারখানার শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।