বাস চাপায় প্রাণ গেল মা-মেয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় বাস চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। আজ সোমবার বেলা দেড়টার দিকে ঠেঙ্গামারায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাত উল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত দুজন হলেন: উত্তরপাড়ার রানু খাতুন (২৫) ও তাঁর মেয়ে জাকিয়া সুলতানা (৩)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, টিএমএসএস মেডিকেল কলেজের সামনে রানু খাতুন তাঁর মেয়েকে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে ঘটনাস্থলের অদূরে একটি সিএনজি স্টেশনে বাস রেখে চালক ও সহকারী পালিয়ে যান।
বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছে।