বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
গাজীপুরের সালনা এলাকায় বাসের চাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন। নিহত ব্যক্তির নাম মো. মোস্তফা (৩৮)। আর আহত ব্যক্তি হলেন নারায়ণগঞ্জ জেলার ট্রাফিক বিভাগের সহকারী উপপরিদর্শক (এটিএসআই) মো. রফিকুল ইসলাম (২৭)।
আজ মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে ঢাকা ময়মনসিংহ-মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাও জোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল মিয়া জানান, সালনা এলাকায় ইউটা গার্মেন্টসের সামনে ঢাকাগামী একটি মোটরসাইকেলকে পেছনদিক থেকে একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা মোস্তফা ঘটনাস্থলেই মারা যায়। আহত হন মোটরসাইকেলের অপর আরোহী পুলিশ সদস্য রফিকুল ইসলাম। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই আরও জানান, মোস্তফার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।