বাস চালকের সহকারী তিন দিনের রিমান্ডে
যাত্রীবাহী চলন্ত বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে চালকের সহকারী মো. মামুনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ শনিবার তাঁকে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শুক্রবার শুকতারা পরিবহনের একটি বাসে চালকের সহকারী মামুন ওই ছাত্রীকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। ওই ছাত্রীর অভিযোগ, তিনি গতকাল পৌনে একটার দিকে মানিকগঞ্জের বেতিলা বাসস্ট্যান্ড থেকে গাবতলীগামী শুকতারা পরিবহনের বাসটিতে ওঠেন। বাসটিতে তখন ১০ থেকে ১২ জন যাত্রী ছিলেন। বাসের সামনের একটি আসনে বসেন তিনি। বাসটি বেলা দেড়টার দিকে মানিকগঞ্জের সিঙ্গাইরে পৌঁছালে তাঁর পাশের আসনে বসা যাত্রী নেমে যান। এরপর বাসচালকের সহকারী তাঁর পাশের খালি আসনটিতে বসেন। একপর্যায়ে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন তিনি। এ সময় তিনি এর প্রতিবাদ জানালে চালকের সহকারী তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। বাসের অন্য যাত্রীরা চালকের সহকারীকে থামানোর চেষ্টা করলে তাঁদের সঙ্গেও অশালীন আচরণ করতে থাকেন তিনি।
ওই ছাত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরও তাঁকে বাস থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন চালকের সহকারী। বেলা পৌনে দুইটার দিকে গাবতলী বাস টার্মিনালে নেমে যান তিনি।
এ ঘটনায় গতকাল বেলা তিনটার দিকে দারুস সালাম থানায় লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করে। পরে গতকাল রাতে মানিকগঞ্জ থেকে মামুনকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন...