বাস ছাড়ে না, থাকেও না তবু টার্মিনালের প্রস্তাব
রাজশাহীর তানোরে বাস রুটের কোনো পয়েন্ট নেই। সেখান থেকে কোনো বাস ছেড়ে যায় না। সেখানে এসে রাতে কোনো বাস যাত্রাবিরতিও করে না। এ রকম একটি জায়গায় তানোর পৌরসভার পক্ষ থেকে টার্মিনাল করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। এর আগে একটি মিনিবাস টার্মিনাল করা হলেও সেটি চলেনি।খোঁজ নিয়ে জানা গেছে, তানোর পৌরসভার পক্ষ থেকে সম্প্রতি পৌর এলাকার প্রাণকেন্দ্রে এ কে সরকার ডিগ্রি কলেজের পূর্ব পার্শ্বে এই টার্মিনাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আশপাশে আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। কলেজ ও থানার মাঝখানে ফাঁকা জায়গায় দুই বিঘা জমির ওপরই এই বাস টার্মিনাল করার প্রস্তুতি চলছে। এ কে সরকার ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, এই জায়গায় বাস টার্মিনাল করা হলে কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট হবে। তিনি বলেন, পৌরসভা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে তাঁরা কলেজ পরিচালনা কমিটির বৈঠক করে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাবেন। তিনি আরও বলেন, এখানে অনেক আগে একটা মিনিবাস টার্মিনাল ছিল। কাউন্টার ছিল। কিন্তু প্রয়োজন পড়ে না বলে জায়গাটি এখন হাটের কাজে ব্যবহূত হচ্ছে। তানোর পৌরসভার প্রকৌশলী আতাউর রহমান বলেন, সব পৌরসভার কাছ থেকে বাস টার্মিনালের জন্য প্রস্তাব চেয়েছে বিআরটিএ। এরই আলোকে প্রস্তাবটি পাঠানো হয়েছে। এ নিয়ে দেখাশোনা হবে। এরপর সিদ্ধান্ত হবে।