বাস ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
পুলিশের গোয়েন্দা শাখার সদস্য (ডিবি) পরিচয় দিয়ে শেরপুরে একটি বাস ছিনতাইচেষ্টার অভিযোগে নাছির উদ্দিন (৩৫) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল রোববার বিকেলে তাঁকে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইকবাল বাহারের আদালতে হাজির করা হয়। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় তাঁকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।গ্রেপ্তার নাছির শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি ওই ইউনিয়নের তারাকান্দি গ্রামের বাসিন্দা।বাসচালকের করা মামলার এজাহারের কথা উল্লেখ করে পুলিশ জানায়, গত শনিবার ভোররাতে ঢাকা থেকে বকশীগঞ্জগামী বৈশাখী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৪৩৩৪) শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজারে সত্যবতী সিনেমা হলের কাছে পৌঁছালে নাছির উদ্দিন ও তাঁর তিন-চারজন সহযোগী ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাসটিতে তল্লাশি চালান। পরে তাঁরা বাসটি শেরপুর সদর থানায় নিয়ে যাওয়ার জন্য চালক আবদুর রহমানকে নির্দেশ দেন। তাঁরা বাসটি থানায় না নিয়ে শেরপুর-ঢাকা মহাসড়কে চালানোর জন্য চালককে নির্দেশ দেন। বাসটি শেরপুর-ঢাকা মহাসড়কের বয়ড়া এলাকায় হাজী ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় বাসের সহকারীদের সঙ্গে শিক্ষক নাছির ও তাঁর সহযোগীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে নাছিরের সহযোগীরা বাস থেকে নেমে পালিয়ে যায়। কিন্তু বাসের সহকারী ও যাত্রীরা নাছিরকে আটক করে। চালক আবদুর রহমান পরে নাছিরকেসহ বাসটি গন্তব্যস্থল বকশীগঞ্জে নিয়ে যান এবং বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। নাছিরকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।ঘটনাস্থল শেরপুর সদর থানার আওতাধীন হওয়ায় বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শনিবার বিকেলে নাছিরকে শেরপুর সদর থানায় হস্তান্তর করেন। শনিবার রাতে শেরপুর সদর থানার পুলিশ বাসের চালক আবদুর রহমানের অভিযোগটি মামলা হিসেবে তালিকাভুক্ত করে।শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।