বাস টার্মিনাল ঘিরে অসহনীয় যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের পাটগুদাম এলাকায় অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সেতু এবং আন্তজেলা বাস টার্মিনাল ঘিরে প্রতিদিন অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে। আর এ কারণে নাকাল হচ্ছে ময়মনসিংহ ও এর আশপাশের কয়েকটি জেলার মানুষ।
নিত্যদিনের ভোগান্তির কথা বিবেচনা করে ওই এলাকার সড়ক অবকাঠামো যুগোপযোগী করার উদ্যোগ নেয় ময়মনসিংহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। কিন্তু বরাদ্দের অভাবে এক বছরেও প্রকল্পটির কাজ শুরু করা যায়নি।
ওই এলাকার সড়ক অবকাঠামো যুগোপযোগী করতে সওজের পক্ষ থেকে একটি প্রাক্কলন তৈরি করা হয়; যার প্রাক্কলিত মূল্য ধরা হয় তিন কোটি ৫৫ লাখ ১৩৭ টাকা। কিন্তু টাকা বরাদ্দ না হওয়ায় আট মাস ধরে প্রকল্পটি আটকে আছে।
ময়মনসিংহ সওজ ও ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে ব্রহ্মপুত্র নদের ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটি নির্মাণ করার পর শহরের পাটগুদাম এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে উঠে আন্তজেলা বাস টার্মিনাল। টার্মিনাল থেকে বাস বের হওয়া ও প্রবেশের জন্য নির্দিষ্ট কোনো পথ নেই। শুরুর দিকে এ বিষয়টি কোনো সমস্যা সৃষ্টি করেনি।
কিন্তু গত সাত থেকে আট বছরে যানবাহনের সংখ্যা বাড়ায় এবং এই পথে ময়মনসিংহ ও আশপাশের জেলাগুলোর মানুষের চলাচল বেড়ে যায়। ফলে ধীরে ধীরে যানজট বাড়তে বাড়তে এখন তা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিন বাংলাদেশ-চীন মৈত্রী সেতু ও সেতুসংলগ্ন পাটগুদাম বাস টার্মিনাল ঘিরে সৃষ্ট যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে মানুষকে।
চলতি বছরের মার্চে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাংসদ ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ যোগাযোগমন্ত্রী বরাবর ওই প্রকল্পে টাকা বরাদ্দের জন্য লিখিত সুপারিশ করেন বলেও জানিয়েছে সওজ বিভাগ।
ময়মনসিংহ ট্রাফিক বিভাগের পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, টার্মিনাল থেকে বিভিন্ন জেলা ও উপজেলার উদ্দেশে ছেড়ে যাওয়া বাসের জন্য নির্দিষ্ট প্রবেশ ও বাহিরপথ না থাকা যানজট সৃষ্টির অন্যতম প্রধান কারণ।
সওজের ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনিরুল ইসলাম বলেন, বরাদ্দ এলেই কাজ শুরু করা হবে।