বাস টার্মিনাল সংস্কারের দাবিতে শ্রমিক আন্দোলন
কুমিল্লার আশরাফপুর বাস টার্মিনাল সংস্কারের দাবিতে আন্দোলন করছেন কুমিল্লা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। আজ মঙ্গলবার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ওই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঘরমুখী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
খবর পেয়ে বেলা ১১টা ২৫ মিনিটে সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আওয়াল বাস টার্মিনালে যান। বাসশ্রমিকদের সঙ্গে তাঁদের দাবিদাওয়া নিয়ে কথা বলেন তিনি।
শ্রমিকদের আন্দোলনের কারণে ওই বাস টার্মিনাল থেকে ঢাকা-চট্টগ্রাম, ফেনী-লক্ষ্মীপুর, নোয়াখালী-চাঁদপুর, চাঁদপুর-কক্সবাজার এবং কুমিল্লার বিভিন্ন আন্ত–উপজেলায় বাস চলাচল বন্ধ আছে। পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ইউনুস মিয়া বলেন, ২০১১ সালে এই বাস টার্মিনাল তৈরি হয়। এরপর থেকে প্রতিদিন বাসপ্রতি ৪০ টাকা করে সিটি করপোরেশনকে দেন বাস মালিকেরা। কিন্তু এরপরও বাস টার্মিনালের কোনো সংস্কার হচ্ছে না। চারদিকে অব্যবস্থাপনা। টার্মিনালে পর্যাপ্ত বাথরুম নেই, নামাজের জায়গা নেই, চারদিকে কাদাপানি জমে থাকে। চলাচল করতে পারে না মানুষ।
ইউএনও আবদুল আওয়াল শ্রমিকদের কথা শোনেন। বিষয়টি মীমাংসা করা হবে বলে আশ্বাস দেন। শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তা এসে তাঁদের দাবি না মানলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।