বাস টার্মিনালে ভিড় কমেছে যাত্রীর জন্য বাসের অপেক্ষা
বাসে ওঠার জন্য ঈদে ঘরমুখী যাত্রীদের পড়িমরি ছোটাছুটি নেই, বরং যাত্রীর জন্য অপেক্ষা করছে বাস। কাউন্টারের সামনে চলছে টিকিট বিক্রির জন্য হাঁকডাক। গতকাল বৃহস্পতিবার এমন দৃশ্য ছিল রাজধানীর তিনটি আন্তজেলা বাস টার্মিনালেই। আগের দুই দিন টার্মিনালে ছিল উল্টো চিত্র।পরিবহনকর্মীরা বলেছেন, ১৪ ও ১৫ আগস্ট সবচেয়ে বেশি মানুষ রাজধানী ছেড়ে যাওয়ায় যাত্রীর চাপ কমে গেছে।গাতবলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, আগের দুই দিন ঈদে ঘরমুখী যাত্রীদের ভিড় থাকলেও গতকাল যাত্রীসংখ্যা ছিল তুলনামূলক কম। কাউন্টারেও যাত্রীদের তেমন ভিড় নেই। এ নিয়ে বেশ কয়েকজন পরিবহনকর্মী হতাশার কথা জানালেন।উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন গন্তব্যের নামীদামি অনেক পরিবহনের কাউন্টার কল্যাণপুরে। সেখানেও যাত্রী কম দেখা গেছে। রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলসের কল্যাণপুর কাউন্টারের ব্যবস্থাপক তৌহিদুর রহমান বলেন, যাত্রী যা যাওয়ার, ১৪ ও ১৫ আগস্ট চলে গেছে। এখন চাপ অনেকটাই কমে গেছে। পথে যানজট তেমন না থাকায় বাসও ছাড়ছে সময়মতো।যাত্রীরাও প্রায় একই কথা জানালেন। এস আর ট্রাভেলসের কাউন্টারে ইউএনডিপিতে কর্মরত আবদুল কবির জানান, তিনি দুপুর ১২টার বাসে বগুড়ায় যাবেন। ১২টা বাজতে এখনো কয়েক মিনিট বাকি। বাসটি কাউন্টারের সামনে অপেক্ষা করছে।অন্যান্য বাসের কাউন্টারে গিয়েও সময় নিয়ে যাত্রীদের কাছ থেকে তেমন অভিযোগ পাওয়া যায়নি।এদিকে উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) কল্যাণপুর থেকে প্রায় ৭৫টি বাস ছেড়েছে। বিআরটিসির কাউন্টার থেকে বলা হয়, এই বাসগুলো ১৮ আগস্ট পর্যন্ত চলেবে।বিআরটিসির রংপুরগামী বাসের যাত্রী রায়হান মিয়া জানান, অন্য বাসের টিকিট কাটার সময় পাননি। গত বছরও বিআরটিসির বাসে গিয়েছিলেন।মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, টার্মিনালের প্রবেশপথে বাসের দীর্ঘ সারি। ভেতরে গিয়ে জানা গেল, আশানুরূপ যাত্রী না পাওয়ায় বিভিন্ন বাস ভেতরে দু-তিন ঘণ্টা অপেক্ষা করছে। ফলে বাইরে থেকে বাস ঢুকতে না পারায় প্রবেশপথে জট হয়েছে। কাউন্টারের সামনেও বাসকর্মীদের মধ্যে গত দুই দিনের মতো ব্যস্ততা নেই। কর্মীদের টিকিট বিক্রির জন্য চলছে হাঁকডাক। কিন্তু যাত্রী কম।ঢাকা-ময়মনসিংহ পথের এনা পরিবহনের ব্যবস্থাপক আতিকুল ইসলাম বলেন, ‘ঈদে যাত্রীরা বাস খোঁজে। কিন্তু এবার বাসের লোকজন যাত্রী খুুঁজছেন।’ঢাকা-কিশোরগঞ্জ পথের জলসিঁড়ি পরিবহনের টিকিট বিক্রেতা মিলন শেখ বলেন, গত বছর ঈদে কোনো টিকিট অবিক্রীত ছিল না। এবার মানুষ নেই। গত বছর রাস্তার কারণে তীব্র যানজট থাকায় এবার অনেকে ট্রেনের টিকিট কেটেছে, তাই বাসে চাপ কম।সায়েদাবাদ বাস টার্মিনালেও কাউন্টারগুলোর সামনে মানুষের ভিড় ছিল কম। এই টার্মিনালে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিদর্শক তারেকুল ইসলাম বলেন, আগের দিনের তুলনায় যাত্রীর চাপ অনেক কম।