বাস টার্মিনালের দিকে জনস্রোত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাগ-বোঁচকা নিয়ে টার্মিনালের দিকে ছুটছে মানুষ। সবার মধ্যে বাড়ি ফেরার তাড়া। টার্মিনালে তিল ধারণের ঠাঁই নেই। দুই ঈদে ঢাকার চেনা চিত্র এটি। ব্যতিক্রম ছিল না এবারও। পবিত্র ঈদুল আজহার ছুটি শুরুর আগে শেষ কর্মদিবসে গতকাল বৃহস্পতিবার রাজধানীর চিত্র ছিল প্রতিবারের মতোই।

গতকাল রাজধানীর তিনটি বাস টার্মিনালে গিয়ে দেখা যায় ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। বাসের ভেতরে ঠাসাঠাসি করে এবং ছাদে বসেও অনেকে যাচ্ছে গন্তব্যে। টিকিট না পেয়ে অনেককে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। রাজধানীর বিভিন্ন রুটে চলা বাসও গেছে ঢাকার বাইরের বিভিন্ন গন্তব্যে। আবার যানজটের কারণে নির্ধারিত সময়ে টার্মিনালে বাস না আসায় ভোগান্তির শিকার হয়েছে অনেকে। তারপরও প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার ভাবনায় সবার চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক।

গতকাল সকালে সায়েদাবাদ আন্তজেলা টার্মিনালে গিয়ে দেখা গেছে, তিশা, ইশা খাঁ, ইলিয়টগঞ্জ এক্সপ্রেসসহ সব বাসের কাউন্টারের সামনে ঘরমুখী মানুষের জটলা। কিছুক্ষণের মধ্যেই বাসের প্রায় সব আসন পূর্ণ হয়ে যাচ্ছে যাত্রীতে। এরপরই গন্তব্যের দিকে ছুটছে বাস।

এই টার্মিনালের পরিবহনশ্রমিকেরা জানিয়েছেন, এবারের ঈদে যাত্রী তুলনামূলক কম ছিল। তবে মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের কারণে তাঁরা বেশি ট্রিপ দিতে পারছেন না।

দুপুরে মহাখালী আন্তজেলা বাস টার্মিনালের অবস্থাও ছিল একই রকম। ময়মনসিংহগামী এনা ট্রান্সপোর্টের কাউন্টারের সামনে যাত্রীদের লম্বা সারি দেখা গেছে। যাত্রীদের একজন আবদুর রশিদ বলেন, ‘টিকিট পেয়েছি, বাসও কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। কিন্তু কতক্ষণে পৌঁছাতে পারব জানি না।’

দুপুরে বৃষ্টির কারণে টার্মিনালমুখী যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। টার্মিনালের সামনের খানাখন্দে ভরা সড়কে দীর্ঘ যানজট লেগে যায়।

বিকেলে গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে যাওয়ার পথে দেখা গেছে, মিরপুর সড়কের প্রতিটি মোড়ে আটকে আছে বিভিন্ন যানবাহন। টেকনিক্যাল মোড় থেকে গাবতলী পর্যন্ত দাঁড়িয়ে আছে পশুবোঝাই ট্রাকসহ নানা যানবাহন।

টার্মিনালের ভেতরে প্রায় প্রতিটি কাউন্টারের সামনেই ছিল চোখে পড়ার মতো ভিড়। তবে যেসব প্রতিষ্ঠানের টিকিট আগেই বিক্রি হয়ে গেছে, সেসব প্রতিষ্ঠানের কাউন্টার ছিল ফাঁকা।

বিভিন্ন কাউন্টারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে এমন ভিড় ছিল না। দুপুরে বৃষ্টির সময়ও যাত্রী কম ছিল। কিন্তু দুপুরের পর থেকে যাত্রীর সংখ্যা বেড়েছে।

এদিকে টার্মিনালের মুখে ও পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যানজটের কারণে অনেক বাস সময়মতো টার্মিনালে ফিরতে পারেনি বলে জানিয়েছেন পরিবহনশ্রমিকেরা। ফরিদপুরগামী সাউথ লাইন বাসের টিকিট কেটে প্রায় এক ঘণ্টা ধরে টার্মিনালে বসে ছিলেন মো. তারেক। তিনি বলেন, আড়াইটায় টিকিট করেছেন। সাড়ে তিনটায় বাস ছাড়ার কথা ছিল। কিন্তু কাউন্টার থেকে জানানো হয়েছে, যানজটের কারণে বাস আসতে এক ঘণ্টা দেরি হবে। বিকেল সোয়া চারটা পর্যন্ত তাঁর বাস টার্মিনালে আসেনি।

তারেকের মতো আরও অনেক যাত্রীকে টিকিট কেটে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।