বাস-টেম্পো সংঘর্ষে কলেজছাত্র নিহত, সড়ক অবরোধ
নারায়ণগঞ্জ শহরের চাঁনমারী এলাকায় যাত্রীবাহী বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে জনতা সড়ক অবরোধ করে।নিহত কলেজ ছাত্রের নাম আবদুল মালেক (২২)। তিনি সরকারি তোলারাম কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার ভেংড়ী গ্রামের আবদুল মোজাম্মেলের ছেলে। মালেক নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকায় মামার বাড়িতে থেকে পড়াশোনা করতেন। আহত ব্যক্তিরা হলেন লেবু মিয়া, মঈনুল হাসান সুজন, মো. ফয়সাল ও জসিম উদ্দিন। একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাঁরা সবাই টেম্পোর যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে সুজন ও লেবু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টায় চাঁনমারী এলাকায় ঢাকাগামী একতা পরিবহনের একটি বাসের সঙ্গে টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। চালক বাস নিয়ে পালিয়ে যান।এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে। তারা চার-পাঁচটি যানবাহন ভাঙচুর চালায়। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।নিহত কলেজ ছাত্রের মামা আয়নুল হক প্রথম আলোকে জানান, সকালে মালেকের পরীক্ষা ছিল। তিনি কলেজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। শিবুমার্কেট এলাকা থেকে টেম্পোতে করে চাষাঢ়া যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মালেকের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।