বাস, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৫
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার সালনা এলাকায় গতকাল রোববার সকালে অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। একই দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় এক অটোরিকশার যাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকার হাবিবুর রহমানের স্ত্রী জোসনা বেগম (২৮), ছেলে রাফিজ (৫), একই উপজেলার হাঁপানিয়াপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে মো. উজ্জ্বল মিয়া (৩৫) ও অটোরিকশার চালক একই জেলার গফরগাঁওয়ের বিরই গ্রামের সামছুল হকের ছেলে শরিফুল ইসলাম (২৫)। নারায়ণগঞ্জে নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকার মাছ ব্যবসায়ী মো. হাবিবুর রহমান স্ত্রী-সন্তানকে নিয়ে কয়েক দিন আগে গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। গতকাল সকালে একটি অটোরিকশা নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। তাঁর সঙ্গে এলাকার অন্য এক যাত্রীও ওঠেন।
সকাল নয়টার দিকে গাজীপুর সদর উপজেলার সালনা এলাকায় বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই জোসনা বেগম, ছেলে রাফিজ এবং উজ্জ্বল মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাবিবুর রহমান ও অটোরিকশার চালক শরিফুল ইসলামকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় শরিফুলের মৃত্যু হয়। পরে হাবিবুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রূপগঞ্জে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী মিজানুর রহমান নিহত হন। তিনি উপজেলার চরপাড়া এলাকার অন্তু খলিফার ছেলে। এ ঘটনায় আরও তিনজন আহত হন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকাল ১০টার দিকে মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কের কাঞ্চন পৌরসভার চাঁন টেক্সটাইল এলাকায় দ্রুতগামী একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মিজানুরের মৃত্যু হয়। আহত হন অটোরিকশার চালকসহ আরও তিনজন।