বাস, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সৈয়দ উদ্দীন (৫৫), আবদুল মোমিন (৪০), পারভীন আক্তার (৩৫) ও পারভীন আক্তারের তিন মাসের ছেলে নূর নবী। সৈয়দ উদ্দীন বাসযাত্রী ছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জের মাধবপুর পৌরসভায়। তিনি ঢাকায় অগ্রণী ব্যাংকের সচিবালয় শাখার একজন কর্মকর্তা ছিলেন। আবদুল মোমিন হবিগঞ্জ সদর থানার নাসিরপুর গ্রামের বাসিন্দা । তিনি বাসচালকের সহকারী ছিলেন। পারভীন আক্তার ও তাঁর ছেলে অটোরিকশার যাত্রী ছিলেন।

থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ছয়টার দিকে পশ্চিম কুট্টাপাড়া এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী ‘অগ্রদূত’ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় বাসের পেছন দিক থেকে আসা সিএনজিচালিত যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গেও এই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে–মুচড়ে যায় সবগুলো যানবাহন। ঘটনাস্থলেই দুজন মারা যান। আর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান পারভীন আক্তার ও তাঁর তিন মাসের ছেলে নূর নবী। ঘটনার পর মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। আহত ব্যক্তিরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন।

সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া প্রথম আলোকে জানান, লাশগুলো পুলিশি জিম্মায় আছে। তবে চালকেরা পালিয়ে গেলেও যানবাহনগুলো জব্দ করা হয়েছে। রাস্তায় এখন যান চলাচল স্বাভাবিক আছে।