বাস-ট্রাক পারাপার বন্ধ, যাত্রীদের ভোগান্তি চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার ভাঙনের মুখে পড়ে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট কার্যত অচল হয়ে পড়েছে। দৌলতদিয়ার চারটি ঘাটের তিনটিই বন্ধ আছে দুদিন ধরে। অপরটিও গতকাল ঘণ্টা তিনেকের জন্য বন্ধ ছিল। পরে আবার সচল করা গেলেও সেখান দিয়ে বড় বাস-ট্রাক ফেরিতে উঠতে পারছে না। পার হচ্ছে শুধু ব্যক্তিগত ছোট গাড়ি ও অ্যাম্বুলেন্স।
রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের অন্যতম এই ঘাটটি অচল হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও ব্যবসায়ীরা।
ঘাট-সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল বর্ষা মৌসুমের শুরু থেকেই। দৌলতদিয়ার ২ নম্বর ও ৪ নম্বর ঘাট আগেই বন্ধ হয়ে গিয়েছিল। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যার পানি কমতে শুরু করায় সম্প্রতি পদ্মার তীব্র আকার ধারণ করেছে। ঘাটের সঙ্গে সংযুক্ত রাস্তা ভেঙে যাওয়ায় গত শনিবার বন্ধ হয়ে যায় তিনটি ঘাট। ৩ নম্বর ঘাটটি দিয়েই কোনোরকমে চলছিল ফেরি পারাপার। গতকাল সকালে এ ঘাটটিও ভাঙনের মুখে পড়ে। একপর্যায়ে সকাল নয়টার দিকে সেটিও বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরে দুপুর ১২টার দিকে আবার সচল করা গেলেও শুধু ব্যক্তিগত ছোট গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়ার ব্যবস্থাপক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘাটে আসা দূরপাল্লার বাসগুলো যাত্রী নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। শুধু ব্যক্তিগত ও রোগীবাহী গাড়ি পার হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, স্বাভাবিক সময়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৯টির বেশি ফেরি চলাচল করে। বর্তমানে চলছে চার থেকে পাঁচটি ফেরি। শুধু ছোট গাড়ি পারাপার করা হচ্ছে।
দুপুরে ঘাট পরিদর্শন করেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক এবং রাজবাড়ী জেলা প্রশাসক জিনাত আরা।
বড় গাড়ি পারাপার পুরো বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া ও পাটুরিয়ায় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। বিপাকে পড়েন যাত্রী ও পণ্য পরিবহনকারী।
ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ১ নম্বর ফেরিঘাটের র্যা ম ও পন্টুন ভাসছে। পাশের ২ নম্বর ঘাটের র্যা মকে রেকার দিয়ে উঁচু রেখে মেরামতকাজ চলছে। ৩ নম্বর ঘাটে দুপুর ১২টার আগ পর্যন্ত কোনো ফেরি ভিড়তে পারেনি।
বরিশাল থেকে ৩৩ জন যাত্রী নিয়ে সোনার তরী পরিবহন শনিবার বেলা দুইটায় দৌলতদিয়ায় যানজটে আটকা পড়ে। গতকাল দুপুরে চালক মো. সবুজ বলেন, ‘২৩ ঘণ্টা ধরে দৌলতদিয়া ঘাটে অপেক্ষা করছি বাস নিয়ে। এখনো ফেরির নাগাল পাইনি। সব বাসের যাত্রী ঘাটে নামিয়ে ফিরে যেতে বলেছে পুলিশ। কিন্তু ঢাকায় গাড়ির কাজ করাতে হবে, তাই ফেরিতে ওঠার অপেক্ষা করছি। বাসে কেবল দুজন যাত্রী আছেন, বাকিরা চলে গেছেন।’
সাতক্ষীরা থেকে দুটি ছোট ট্রাকে করে মুরগি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা করে শনিবার রাত ১০টার দিকে ঘাটের যানজটে আটকা পড়েন ব্যবসায়ী আবু সাঈদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘মুরগি নিয়ে একটি গাড়ি ঢাকার মিরপুর ও অন্যটি মুন্সিগঞ্জ যাবে। রাতভর রাস্তায় থাকার পর দুপুর গড়িয়ে গেলেও ফেরিতে উঠতে পারিনি। গরমে তিন শতাধিক মুরগি মারা গেছে। পানি ঢেলেও মুরগি বাঁচানো যাচ্ছে না।’
প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেলের বরাত দিয়ে বলেন, পাটুরিয়া ঘাটে বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষায় থাকা প্রায় ২৫০টি যাত্রীবাহী বাস যাত্রী নামিয়ে দিয়ে ঢাকায় ফিরে গেছে। এ ছাড়া সাত শতাধিক পণ্যবাহী গাড়ি এখনো ঘাটেই অবস্থান করছে।