বাস-ট্রাক-পিকআপের সংঘর্ষ, নিহত ৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দুল্যা মনসুর এলাকায় বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুজন চালকসহ চারজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন: ট্রাকচালক নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর গ্রামের আলাউদ্দিন (৪০), বাসচালক টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের শফিকুল ইসলাম (৩৮), বাসযাত্রী কুড়িগ্রাম সদরের চরসিতাইধার গ্রামের শহীদুর রহমান (৩৫) ও পিকআপের যাত্রী মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার রোডের বাসিন্দা হাবু মিয়া (৪৫)। পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দুল্যা মনসুর এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনে আগুন ধরে ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাস ও ট্রাকচালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। একই সময় টাঙ্গাইলগামী অপর একটি পিকআপ সজোরে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দিলে পিকআপটিও দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ব্যবসায়ী হাবু মিয়া নিহত হন।পরে এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। আহত ব্যক্তিদের মধ্যে নজরুল ইসলাম, হুছেন আলী, মোতাহার আলী, নুরুল ইসলাম, ইব্রাহীম মিয়া, আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, শামসুল ইসলাম, রহিম উদ্দিন, ইসরাফিল, খলিলুর রহমান, বিল্লাল হোসেন, আবদুল আওয়াল ও দুলাল মিয়াকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের সবাই দিনমজুর এবং তাঁদের সবার বাড়ি উত্তরাঞ্চলে বলে জানা গেছে। খবর পেয়ে মির্জাপুর থানার পুলিশ ও টাঙ্গাইলের দমকল বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন।দুর্ঘটনার পর থেকে মহাসড়কের কদিম ধল্যা থেকে সোহাগপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় সকাল সাড়ে নয়টা পর্যন্ত ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এ সময় যাত্রীদের তীব্র দুর্ভোগ পোহাতে হয়। পরে মির্জাপুর থানার পুলিশ জেলা পুলিশের রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস, ট্রাক ও পিকআপ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।