বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হলুদিয়া এলাকার কেরানীহাট-বান্দরবান সড়কের করলিছিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে। নিহত ট্রাকচালকের নাম আবদুল গফুর (৩৮)। তিনি সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের হাদুরবাড়ি এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে। আহত ব্যক্তিরা হলেন: বাসচালক মো. ফেরদৌস (৪০), সিরাজ (২৮), রানী মল্লিক (২৫), প্রভা মল্লিক (৫০), মমতাজ (৪০), দীপ্ত (২), সঞ্জয় (৩৩), রণধীর (৪০), ইয়াসমিন (২০), ওসমান (৮), খতিজা বেগম (২০), ইসহাক (৫০), নূর মোহাম্মদ (৫৫), মোস্তাফিজ (৪৫) ও মাহমুদুল হক (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরের দিকে কেরানীহাটগামী যাত্রীবাহী একটি বাস হলুদিয়ার করলিছিয়া এলাকায় এলে বান্দরবানমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস ও ট্রাকচালকসহ ১৬ জন আহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল, কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে ট্রাকচালক গফুর মারা যান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন দুর্ঘটনায় ট্রাকচালকের মৃত্যু এবং ১৫ জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে ওই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।