বাস-ট্রাক মুখোমুখি, সেনাসদস্যসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বগুড়া মহাসড়কে বগুড়ার শেরপুরের গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন সেনা সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা বলেন, বগুড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী মামুন পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় উপজেলা ফায়ার সার্ভিসের সদস্য এসে উদ্ধার তৎপরতা শুরু করে।
উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল রানা বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন যাত্রীবাহী বাসের সুপারভাইজার সিদ্দিক হোসেন (৩৮)। তাঁর বাড়ি বগুড়া শহরের মালতিনগর এলাকায়। এ ছাড়া গুরুতর আহত দুই বাসযাত্রী সেনাসদস্য মোকছেদুর রহমান (৩০) ও সালাউদ্দিনকে (৩০) উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান। এ দুজন ঘাটাইল ও কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। এই দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন বাসযাত্রী আহত হয়েছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, দুর্ঘটনায় ওই বাস ও ট্রাকের সামনে অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে যানজটমুক্ত করলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।