বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত পাঁচজন।
আজ সোমবার সকালে উপজেলার আগ্রাণ এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রবিউল হোসেন (৪০)। তিনি ট্রাকের চালক ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারার মসেমপুর গ্রামে।
আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন পাবনার বিপ্লব হোসেন (৪০), কুষ্টিয়ার জিয়াউল হক (২৮), মেহেরপুরের আনোয়ার হোসেন (৩৮)।
আহত ব্যক্তিদের বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার পুলিশ সার্জেন্ট সারোয়ার জাহান জানান, শ্যামলী পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে মেহেরপুর যাচ্ছিল। আর ঝিনাইদহ থেকে ঢাকা যাচ্ছিল মালবাহী ট্রাকটি। যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষে হতাহত হওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে বাস ও ট্রাক দুমড়েমুচড়ে গেছে।