বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১৫
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার গোজা এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে গত বুধবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতের নাম সবুজ আলী (১৬)। সে দিনমজুর এবং রাজশাহী জেলা সদরের আপেল আলীর ছেলে বলে জানা গেছে। ধান কাটা শেষে সে টাঙ্গাইল থেকে ট্রাকে করে বাড়ি ফিরছিল।হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, বুধবার বিকেল চারটার দিকে ন্যাশনাল পরিবহনের একটি বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি গোজা এলাকায় পৌঁছালে টাঙ্গাইল থেকে রাজশাহীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাকের আরোহী দিনমজুর সবুজ মারা যায়। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা হয়েছে।