বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দর উপজেলার কোনাবাড়ীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে র্যাকার দিয়ে ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রাকিব হোসেন সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহন দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন নিহত হন। আহত হন কমপক্ষে ২০ জন। আহতদের সিরাজগঞ্জ আড়াই শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নূরুল ইসলাম বলেন, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। তাদের জরুরি অস্ত্রোপচারের জন্য ঢাকা অথবা বগুড়াতে পাঠানো হবে। মরদেহগুলো সিরাজগঞ্জ আড়াই শ শয্যাবিশিষ্ট হাসপাতালে রাখা হয়েছে।