বাস-ট্রাক সংঘর্ষে নিহত ব্যক্তি বেড়ে ৫
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে পাঁচে পৌঁছেছে। আহত আছে অন্তত ৩০ জন। আজ শনিবার সকাল সাতটার দিকে উপজেলার ইচাইল নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, নিহত পাঁচজনের মধ্যে দুজন নারী, একজন পুরুষ ও দুটি শিশু রয়েছে।
নিহত পাঁচজনের মধ্যে এক নারীর নাম-পরিচয় জানা গেছে। তাঁর নাম সালমা বেগম। স্বামী মমিনুল ইসলাম। বাড়ি কুড়িগ্রাম।
আহত ব্যক্তিদের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের ভাষ্য, হতাহত ব্যক্তিদের অধিকাংশই পোশাক কারখানার শ্রমিক।
পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি কুড়িগ্রাম থেকে ঢাকার দিকে আসছিল। ইটবোঝাই ট্রাকটি বিপরীত দিক দিয়ে টাঙ্গাইলের দিকে আসছিল। ইচাইল নামক স্থানে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক শিশু নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় একজন। চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যায়।
নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। আহত প্রত্যেক ব্যক্তিকে দেওয়া হবে ১০ হাজার টাকা।
আরও পড়ুন: